ধামরাই সংবাদ দাতা,, ঢাকার ধামরাইয়ে ছাত্রদলের আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
১৭ আগষ্ট সোমবার ধামরাই উপজেলা ছাত্রদলের সভাপতি রাফিজুল ইসলাম রবিনের নেতৃত্বে সচেতনতা মুলুক এ কার্যক্রমে শিক্ষার্থীদের মধ্যে সামাজিক অপরাধের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয়। শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা, মাদকাসক্তির কারণে ব্যক্তি, পরিবার ও সমাজে সৃষ্ট ক্ষতি এবং বাল্যবিবাহের নেতিবাচক প্রভাব সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। পাশাপাশি শিশুদের অধিকার ও নিরাপত্তা নিয়ে সচেতন করা হয়।
একই সঙ্গে শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকা, নিয়মিত পড়াশোনা করা এবং খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়। আয়োজকরা বলেন, মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে শুধু আইন প্রয়োগ নয়, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত সচেতনতাও জরুরি। পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে উৎসাহিত করতে বিভিন্ন খেলাধুলার সরঞ্জাম ছাত্র ছাত্রীদের মাঝে বিতরণ করা হয়।
সেই সাথে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ছাত্র দলের নেতাকর্মীরা।
এ সময় ধামরাই উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া এবং বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
