ঢাকাSaturday , 24 October 2026
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. পরবাস
  8. বিনোদন
  9. রাজধানী
  10. রাজনীতি
  11. লাইফ স্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

ধামরাইয়ে দেড় মাস পর গ্যারেজ ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৪।

প্রতিবেদক
desheradmin
October 24, 2026 6:01 am
Link Copied!

ধামরাইয়ে দেড় মাস পর গ্যারেজ ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৪।

ধামরাই (ঢাকা) প্রতিনিধি, ঢাকার ধামরাইয়ে অটোরিকশার গ্যারেজে দুর্ধর্ষ ডাকাতির ঘটনার প্রায় দেড় মাস পর রহস্য উদঘাটন করেছে পুলিশ। তথ্য-প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁয়ে ধারাবাহিক অভিযান চালিয়ে সংঘবদ্ধ ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় লুণ্ঠিত তিনটি ব্যাটারিচালিত অটোরিকশা ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি ছয় চাকার পিকআপ ভ্যান উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ১০ সেপ্টেম্বর ভোররাতে ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের ছোট কালামপুর এলাকায় বিল্লাল হোসেনের মালিকানাধীন অটোরিকশার গ্যারেজে ডাকাতির ঘটনা ঘটে। কালো মুখোশ পরা ৮-৯ জনের একটি দল গ্যারেজে ঢুকে মুজিবর রহমানকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে রাখে। পরে চারটি ইজিবাইক, বিভিন্ন ইজিবাইক থেকে খুলে নেওয়া ২৭টি ব্যাটারি, সিসি ক্যামেরার ডিভিআর ও নগদ টাকাসহ মোট ১০ লাখ ৮৮ হাজার ৫০০ টাকার মালামাল লুট করে পিকআপে করে পালিয়ে যায়। এ ঘটনায় ১১ সেপ্টেম্বর ধামরাই থানায় ডাকাতি মামলা করা হয়।

মামলার তদন্তভার পান ধামরাই থানার এসআই এস এম কাওছার সুলতান। ঢাকা জেলার পুলিশ সুপার ও সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং ওসি মো. নাজমুল হুদা খানের নেতৃত্বে তিনি তদন্ত শুরু করেন। দীর্ঘ অনুসন্ধান ও তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্তের পর গত ২৩ অক্টোবর ভোরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কদমতলী খালপাড় এলাকায় অভিযান চালিয়ে সোহেল (৩০) ও ইমাম হোসেন শাওনকে (৩২) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে ভোরেই একই এলাকা থেকে লুণ্ঠিত তিনটি তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে চক্রের আরেক সদস্য মো. সবুজকে (২৯) গ্রেপ্তার করা হয়। এরপর তথ্য-প্রযুক্তির সহায়তায় সকাল ১০টা ৪৫ মিনিটে সোনারগাঁ থানার কাচপুর খাসপাড়া এলাকা থেকে হাবিবুর রহমান ওরফে রনক ওরফে রনিকে (২৬) গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার রনির দেওয়া তথ্যের ভিত্তিতে দুপুর ১টা ১৫ মিনিটে ডাকাতির কাজে ব্যবহৃত ঢাকা মেট্রো-ন-১৩-৬১৫৮ নম্বরের একটি ছয় চাকার পুরোনো পিকআপ ভ্যান জব্দ করা হয়। গাড়িটির আনুমানিক মূল্য ৯ লাখ টাকা। ধামরাই থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় পলাতক অন্য আসামিদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।