ধামরাই সংবাদ দাতা,, ঢাকার ধামরাইয়ে ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল বাড়ির ফ্যান, ফ্রিজের কম্প্রেসার, গ্যাসের চুলা, গ্যাস সিলিন্ডার, হাঁড়িপাতিল, কম্বল-বালিশসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় নুরুস সামাদ বুলবুল নামে এক ব্যক্তির বাড়িতে গত ২৩ মে এ চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী জানান, সবশেষ ১৬ মে তিনি বাড়িতে এসেছিলেন। পরে ২৩ মে ফিরে এসে ঘরের ভেন্টিলেটর ভাঙা অবস্থায় দেখতে পান। তার ভাষ্য, চোরেরা ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে ভেতর থেকে দরজার হ্যাজবোল খুলে পুরো বাড়ি তছনছ করে।
চোরেরা ছয়টি ফ্যান, ফ্রিজের কম্প্রেসার, গ্যাসের চুলা ও বোতল, সিলভারের হাঁড়িপাতিল, পাঁচ হাজার টাকা, ১১টি ট্যাপ কল, কম্বল, কাঁথা ও বালিশ নিয়ে যায়। এছাড়া ঘরের দুটি আলমিরা, শোকেসসহ বিভিন্ন ফার্নিচারও খুলে নেওয়া হয়েছে বলে জানান বাড়ির মালিক।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চুরির ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।
