ধামরাই সংবাদ দাতা,, ঢাকার ধামরাই সরকারি কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের যাতায়াত সমস্যার সমাধানে কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে দুটি দ্বিতল বাস সার্ভিসের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৭ জুন) ধামরাই সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ইফতেখার হাসান এর সভাপতিত্বে” প্রধান অতিথি হিসেবে এই বাস সার্ভিসের শুভ উদ্বোধন করেন ঢাকা-২০ ধামরাই আসনের মাননীয় সংসদ সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফি, ধামরাই থানার তদন্ত ওসি শহীদুল ইসলাম, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, ধামরাই পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ সিকদার এবং সোমভাগ ইউনিয়ন বিএনপির সভাপতি এইচ এম রুস্তমসহ কলেজের শিক্ষকবৃন্দ।
নতুন চালু হওয়া দুটি বাসের মধ্যে একটি চলবে আশুলিয়া–জিরানি–ধামরাই কলেজ রুটে এবং অন্যটি ধামরাই–কাওয়ালীপাড়া–ধামরাই কলেজ রুটে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য তমিজ উদ্দিন বলেন, দীর্ঘ ৫৪ বছর পর সরকারি উদ্যোগে ধামরাই সরকারি কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য দুটি বাস চালু করা হলো। এর ফলে শিক্ষার্থীদের যাতায়াত সহজ হবে এবং শিক্ষার মান উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে কলেজের ছাত্রাবাসসহ অন্যান্য উন্নয়ন কার্যক্রমও বাস্তবায়ন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
